
নিউজ ডেস্ক:
রংপুরে উপসর্গহীন এক করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের গঙ্গাচড়ায় একজন সহ বিভাগের কুড়িগ্রামে একই পরিবারের তিনজন ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একজনসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
রমেক অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর মেডিকেলে গত ২৪ ঘন্টায় ৯৪ টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় ১ জন ,কুড়িগ্রামের কাঠালবাড়িতে একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তান ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ১ জন আক্রান্ত ।
এদিকে রংপুরের গঙ্গাচড়ায় আক্রান্ত ব্যাক্তি উপজেলা গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি করেন। তিনি গঙ্গাচড়ার ব্যাংকের মোড়ে থাকেন। তবে তার শরীরের করোনার তেমন কোন উপসর্গ নেই। অনেকটা কৌতূহল বশত তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো।
গঙ্গাচড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। গত কয়েকদিন থেকে তিনি উপজেলার স্বাস্থ্যখাতের প্রকৌশল সংশ্লিষ্ট কাজ করে আসছিলেন। তাই সন্দেহ বশত তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছিল। কিছুক্ষণ আগেও তার সাথে কথা হয়েছে তবে তার শরীরে তেমন কোন উপসর্গ নেই।
রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তের শরীরে উপসর্গ নেই। তার বাড়ি লকডাউন করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি দুশ্চিন্তা না করে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেন।