রংপুরে এমএপাশ করে চাকরি না পেয়ে মুখে কালি মেখে অভিনব প্রতিবাদ

রংপুর অফিস:

রংপুরে পড়ালেখা শেষ করেও চাকরি না পেয়ে মুখে কালি মেখে প্রেসক্লাবের সামনে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এমএ পাশ রেদোয়ান রনি।

তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে। তিনি মুখে কালি মেখে প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবি-সম্বলিত পোস্টার নিয়ে দিনভর পদযাত্রা করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে মুখে কালি মেখে রংপুর নগরীর কলেজ রোড় লালবাগ থেকে পদযাত্রা শুরু করেন, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব চত্বর হয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘুওে বিকেলে আবারও লালবাগে গিয়ে পদযাত্রা শেষ করেন।রেদওয়ান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল লতিফ মন্ডলের পুত্র।

রেদওয়ান রনির সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ২০১৭ সালে কারমাইকেল কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে রংপুর সরকারি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স করেন। তারা তিন বোন ও এক ভাই। বাবা স্থানীয় একটি ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ছিলেন।

তিনি অবসর গ্রহন করেন ২০১২ সালে । বড় তিন বোনের বিয়ে হয়েছে। বাবা অবসরে যাওয়ার পর থেকে সংসারের দায়িত্ব রনির কাঁধে পড়ে।মাস্টার্স শেষ করে বিভিন্ন স্থানে চাকরির পরীক্ষা দিয়েও আজ পর্যন্ত চাকরি পাননি রনি। চাকুরির আশায় হতাশ হয়ে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য বন্ধ, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ দুর্নীতিবিরোধী পোস্টার নিয়ে মুখে কালি মেখে সড়কে পদযাত্রা করেন ।

দুর্নীতিমুক্ত নিয়োগ ও টাকার খেলা বন্ধের দাবি জানিয়ে রেদওয়ান রনি বলেন, সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধে কেন এ নীতি গ্রহণ করা হয়নি। তিনি প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply