রংপুরে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যবসায়ী ও বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত এক কর্মচারী মারা গেছেন। তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

রবিবার দুপুরে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নগরীর নিউ সেনপাড়ার বাবুল বনিক ও শালবন এলাকার জহুরুল ইসলামের মৃত্যুর খবর জানার পরপরই তাদের নমুনা সংগ্রহ করেছি। এখন নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে তারা করোনায় আক্রান্ত হয়ে ছিলেন কিনা।

শনিবার রংপুর নগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবলু বনিক গুরুতর অসুস্থ হয়ে মারা যান। তিনি বেশ কয়েকদিন ধরে সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন।

অন্যদিকে ওইদিন রাতে নগরী শালবন এলাকায় করোনার উপসর্গ নিয়ে জহুরুল ইসলাম টুলু নামে আরেকজনের মৃত্যু হয়। তিনি বিদ্যুৎ বিভাগের (পিডিবি) অবসরপ্রাপ্ত ফোরম্যান ছিলেন।

এম২৪নিউজ/আখতার।