
নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে। করেনায় আক্রান্ত কোনো নতুন রোগী ওই হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া মাত্রই তার কাছে একটি চিঠি ও ফুল নিয়ে হাজির হন স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতালটির বর্তমান তত্ত্বাবধায়ক ডা. এস.এম নুরুন নবী স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা রয়েছে…..
‘প্রিয় (রোগীর নাম)
আসসালামু আলাইকুম। কোভিড-১৯ রোগী হিসেবে আপনার আগমনে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর এর সকল স্বাস্থ্যকর্মীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই।
আমরা আপনার সেবায় নিয়োজিত থাকব। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।’
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নুরুন নবী বলেন, ‘এটা আমার একদম ব্যক্তিগত উদ্যোগে করা। আমি একজন সিনিয়র শিশু বিশেষজ্ঞ। কিন্তু করোনা রোগীর চিকিৎসা করতে এ সময় তাদের পাশে থাকতে আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। বর্তমান এই করোনা পরিস্থিতিতে মানুষ বিবেকবোধ হারিয়ে ফেলছে। করোনা হলে মাকে ফেলে পালাচ্ছে সন্তান, করোনা রোগীর আাত্মীয়-স্বজনরা কেউ কাছে আসতে চাচ্ছে না। এমনকি মৃত্যুর পরে লাশের দাফনও করতে রাজি হচ্ছে না অনেকে।’
তিনি বলেন, ‘চারপাশের মানুষের এমন আচরণ দেখে করোনা আক্রান্ত রোগীর মানসিক অবস্থাও বেশ ভেঙে পড়ে। তাই এসব রোগীকে মানসিকভাবে শক্ত করতেই আমার এমন উদ্যোগ। যাতে কোনো রোগীই নিজেকে অসহায় না ভাবেন।’
ওই চিকিৎসক বলেন, ‘কোনো নতুন রোগী আসলেই তাকে আমার স্বাক্ষরিত একটি চিঠি এবং হাতে ফুল দেওয়া হয়। এই ফুলগুলো কিন্তু হাসপাতালের বাগানেরই ফুল। বাজারের ফুলের দোকান বন্ধ তাই ফুল কেনার সুযোগ নেই। যদি বাগানের ফুল শেষ হয়ে যায় তবে কাগজের ফুল বা হাতে আঁকা ফুল দিয়ে হলেও এই পদ্ধতি আমি চালু রাখবোই।’
দেশের এই করোনা পরিস্থিতিতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়ারও অনুরোধ করেন এই চিকিৎসক।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রংপুরে ১০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
সূত্র: আমার সংবাদ।