রংপুরে গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন

রংপুুুর অফিস:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে পরিবহন শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় ঘরবন্দি থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটছে। এ পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুতি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

আজ রোববার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এ দাবি জানান ফেডারেশনের রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ। এসময় গণপরিবহন চালু ও পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দেয়াসহ তিন দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, দেশে সবকিছু খোলা রেখে শুধু গণপরিবহন বন্ধ রেখে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব নয়। সারাদেশে হাট-বাজার, শপিংমল, বিপণীবিতান, ব্যাংক খোলা রেখেছে সরকার। শুধু পরিবহন বন্ধ রাখা হয়েছে। সামনে ঈদ আমরা সন্তানের মুখের দিকে তাকাতে পারছি না। রমজানে সেহরি ইফতরে একটু ভালো খাবারও সুযোগ নেই। আমরা মানবেতর দিন কাটাচ্ছি।

তারা আরও বলেন, আজ সারাদেশে লাখ লাখ শ্রমিক কর্মহীন অবস্থায় আছে। বহু পরিবহন মালিক ব্যাংক ঋণের কিস্তিসহ অসহায় অবস্থায় জীবনযাপন করছে। এসব দিক বিবেচনা করে কর্মহীন শ্রমিকদের মধ্যে খাদ্য সহযোগিতা প্রদান ও গণপরিবহন চালু করাসহ তিন দফা দাবি বাস্তবায়নে সরকার প্রধানের প্রতি জোর দাবি জানানো হয়। এছাড়াও আগামী ৪ মে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply