রংপুরে তিন ইউপিতে ১৯৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিউজ ডেস্ক:

রংপুর সদর উপজেলার হরিদেবপুর, সদ্যপুষ্কুরিণী ও চন্দনপাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ ১৯৭ জন মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত ৫০ ও সাধারন সদস্য আসনে ১৩১ জন প্রার্থী রয়েছেন।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মো. রেজাউল করিম এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তিনটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীতি প্রার্থীরা ছাড়াও স্বতন্ত্র একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। তিন অক্টোবর শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ঘোষিত তফসিল অনুযায়ী স্থগিত হয়ে থাকা হরিদেবপুর, সদ্যপুষ্কুরিণী ও চন্দনপাট ইউনিয়নে আগামী ২০ অক্টোবর চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোটগ্রহণ হবে।

এদিকে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নে মোকছেদুল রহমান, চন্দনপাট ইউনিয়নে আমিনুর রহমান ও হরিদেবপুর ইউনিয়নে একরামুল হককে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া জাতীয় পার্টি থেকে সদ্যপুষ্করিনী ইউনিয়নে ফুল বাবু, চন্দনপাট ইউনিয়নে রুহুল আমীন লিটন ও হরিদেবপুর ইউনিয়নে মফিদুল ইসলামকে লাঙ্গল প্রতীকে দল মনোনয়ন দেয়া দিয়েছে। তবে বিএনপি এখনো কোনো প্রার্থীর নাম শোনা যায়নি।

অন্যদিকে মনোনয়ন বঞ্চিত প্রধান দুই দলের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধরে মাঠে থাকার ইঙ্গিত দিলেও এই তিন ইউনিয়নে নৌকা ও লাঙ্গল প্রতীকের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। মনোনয়নপত্র দাখিল করা সরকার দলীয় প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তারা বলেছেন, নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য হলে উন্নয়নের পক্ষেই জনগণ রায় দিবেন।

এম২৪নিউজ/আখতার