রংপুরে নদী দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক:

রংপুরের বিভিন্ন খাল ও নদী দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে রংপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবি)। সোমবার নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় খোকসা ঘাঘট নদীর উপর গড়ে উঠা খেয়া রেস্টুরেটসহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। 

সোমবার সকাল থেকে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসন ও পাউবি এ উচ্ছেদ অভিযান শুরু করে। এসময় রংপুরের ডিসি আসিব আহসান, রংপুর পাউবির নির্বাহী প্রকৌশলী হাসান মাহামুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পাউবির নির্বাহী প্রকৌশলী হাসান মাহামুদ জানান, রংপুর পাউবি জেলা প্রশাসনের সহযোগীতা নিয়ে, এ অঞ্চলের বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা খাল, নদী উদ্ধার ও খননের জন্য কাজ শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা রংপুরের পার্কের মোড় এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছি। এখানে আমরা ১৬টি স্থাপনা চিহ্নিত করেছি। এর মধ্যে ১৪ টি স্থাপনা উচ্ছেদ করা হবে। বাকি দুটি স্থাপনায় আদালতের মামলা নিষেধাজ্ঞা রয়েছে।

ডিসি আসিব আহসান জানান, সরকারের নির্দেশে সব নদ-নদীর তীরে ও আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। খোকসা ঘাঘট নদীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সবগুলো অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।