রংপুরে পাঁচ ওষুধ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক:

রংপুরে মাস্ক, হ্যান্ডওয়াশ এবং ওষুধের দাম বেশি নেয়ায় পাঁচটি ফার্মেসীর মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রংপুর নগরীর কাচারী বাজার, ধাপ, পৌরবাজার ও গ্রান্ড হোটেল মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও তনুকা ভৌমিক এ অভিযান পরিচালনা করেন।

নগরীর ধাপ এলাকায় অভিযানের সময় বেগম ফার্মেসি ও ঢাকা সার্জিক্যাল পনেরো টাকার একটি ফেস মাস্ক ২শ টাকায় বিক্রির অভিযোগে কর্মচারীকে হাতে নাতে ধরা হয়।

পরে এ দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও আরও তিনটি ফার্মেসির বিরুদ্ধে একই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ওষুধ ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ড নীতি নৈতিকতা বিবর্জিত। মানুষের অসহায়ত্তকে পুঁজি করে অতিরিক্ত মুনাফার চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করতে এই অভিযান। পাঁচটি ওষুধের দোকানে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হওয়ার পর থেকে রংপুরে ফার্মেসিগুলোতে ফেস মাস্ক সংকট দেখিয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি শুরু করে অসাধু ব্যবসায়ীরা।

সূত্র: আমাদের প্রতিদিন।