রংপুরে বিআরটিসির ডাবল ডেকার সার্ভিস বন্ধ!

মোটর মালিক সমিতির বাধা

নিউজ ডেস্ক:

রংপুরের মোটর মালিক সমিতির বাধার মুখে বিভিন্ন রুটে চলাচল করা বিআরটিসির ডাবল ডেকার বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার বিকালের পর থেকে মোটর মালিক সমিতির সদস্যরা বাস চলাচলে বাধা দেয়। এ সময় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বিআরটিসির আটটি বাস আটকে রাখা হয়।

বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি স্বীকার করেছেন বিআরটিসির রংপুর ডিপোর ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক। বিআরটিসির রংপুর ডিপোর ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, রংপুর জেলা মোটর মালিক সমিতির নেতাদের বাধার কারণে ডাবল ডেকার বাস চলাচল বন্ধ রয়েছে। গত বছরের মে মাসে রংপুরে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস উদ্বোধন করা হয়। এরপর থেকে বাসগুলো চলাচলে বাধার সম্মুখীন হয়ে আসছে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সদস্য সচিব এ কে এম আজিজুল ইসলাম রাজু জানান, বিআরটিসির বিপুলসংখ্যক বাস রংপুরের বিভিন্ন রুটে চলাচল করে। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সিটি করপোরেশনের বাইরে ডাবল ডেকার বাস চলাচল করতে পারবে না। আমাদের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বাস আটকে রেখেছে।

সূত্র: ইত্তেফাক।