বেরোবির প্রথম বর্ষে ভর্তির শেষ তালিকা প্রকাশ বুধবার

নিউজ ডেস্ক:

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চলমান ভর্তি প্রক্রিয়ার শেষ তালিকা প্রকাশ হবে বুধবার। উক্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন শূন্য থাকা সাপেক্ষে প্রকাশিত তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ১১তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ্, বিএনসিসিও। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মো. আরিফুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।

সূত্র: ইত্তেফাক।