
স্টাফ রিপোর্টার:
রংপুরে স্বেচ্ছাসেবি ও সামাজিক সংগঠন প্রতিজ্ঞার উদ্যোগে প্রায় সহস্রাধিক অসহায় নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষধ দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শাপলা চত্বরে নর্দান মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই মেডিকেল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের ১০ জন চিকিৎসক দ্বারা এই সেবা কার্যক্রমে ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা, রক্তগ্রহণ, বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান এবং ওষধ দেয়া হয়।
স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। সভাপতিত্ব করেন প্রতিজ্ঞা সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের প্রধান সমন্বয়ক নুর হোসেন সুজন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া লাভলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, রসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, প্রতিজ্ঞার প্রধান উপদেষ্টা ডা. নূর মোহাম্মদ নয়ন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের অনেক মানুষ আছে, অনেকের সম্পদ আছে কিন্তু মন নেই। তারা সমাজের অবহেলিত মানুষের জন্য কিছুই করেননা। আবার অনেকে আছেন, যাদের কিছুই নেই, কিন্তু অন্যের উপকারে কাজ করার মানসিকতা আছে। প্রতিজ্ঞা সংগঠন তেমন একটি সংগঠন। তারাও এই সমাজের ভালো কাজগুলোর সাথে আছে বলেই গরীব অসহায় ও দুস্থ মানুষদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করেছে।

