
রংপুর অফিস:
রংপুর নগরীতে মুক্তা পানিসহ বিভিন্ন ভূয়া কোম্পানির এজেন্ট নিয়োগ ও চাকুরী দেয়ার নামে রংপুর অঞ্চলের পাঁচ শতাধিক ব্যক্তির কাছ থেকে ৪ কোটির অধিক টাকা আত্মসাতকারী চক্রের মূল মাস্টারমাইন্ড তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার (২০মার্চ) দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান রংপুর মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তকী ইবনু মিনান।
এসময় তিনি জানান, গত বছরের অক্টোবর মাসে নগরীর ইসলামবাগে অফিস ভাড়া নিয়ে মুক্তা পানি ও টিএমএফ (তরিকুল,মোতালেব,ফিরোজ) ট্রেডার্স লিমিটেড নামের ভূয়া কোম্পানিতে এজেন্ট নিয়োগের জন্য বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
তিনি আরো জানান, এই বিজ্ঞপ্তি প্রকাশের পর রংপুরের ৭ জেলার প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি আবেদন করলে প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা কৌশলে আদায় করে। এরপর এজেন্টদের মালামাল সরবরাহ না করে অফিস বন্ধ করে দিয়ে সটকে পড়ে প্রতারক চক্র।পরে জানুয়ারিতে মহানগর কোতোয়ালি থানায় প্রতারণার শিকার ভুক্তভোগীরা মামলা দায়ের করলে সেটি মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, গতকাল উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহিদ ও এস আই গোলাম মোর্শেদসহ মহানগর গোয়েন্দার একটি দল বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার থেকে মুলহোতা তরিকুলকে গ্রেফতার করে।
এসময় তিনি আরো জানান, এই চক্রটি বিভিন্ন চায়না কোম্পানি, মন্ত্রণালয় ও বিভিন্ন অফিসে চাকুরী দেয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এবং ঢাকার নিকুঞ্জে আটককৃত তরিকুলের একটি বহুতল ফ্ল্যাট আছে। চক্রের অন্যান্যরা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছে এবং তাদের ধরতে কার্যক্রম চলছে।
এম২৪নিউজ/আখতার