
রংপুর অফিস:
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ২৭ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদফতর কর্তৃক নির্মিত রংপুরে শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন করেছেন। এ সময় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, এখানে ৬ কোটি টাকা ব্যয়ে সর্বাধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। সেটি যথাযথ হয়নি। তবে ভবনের অন্য কাজগুলো রেকটিফাই করা হয়েছে তাও সেভাবে হয়নি।
আজ বুধবার দুপুরে রংপুর নগরীর টাউন হল চত্বরে নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দুপুরে প্রতিমন্ত্রী আসলে তাকে সরাসরি অডিটরিয়ামে নিয়ে যাওয়া হয়। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, নাট্য ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, নাট্য ব্যক্তিত্ব সাখাওয়াত রাঙ্গাসহ বিশিষ্টজনরা সঙ্গে ছিলেন। এ সময় ছোট ছোট শিশুরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানায়। সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রতিমন্ত্রী ও তার সঙ্গে আসা ব্যক্তিরা।
তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে ৬ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা সাউন্ড সিস্টেম দেখে অসন্তোষ প্রকাশ করেন।
কে এম খালিদ বলেন, রংপুর হচ্ছে সংস্কৃতির তীর্থভূমি। এখানকার ভাওয়াইয়াসহ বিভিন্ন গান, নাটক, সংস্কৃতি চর্চা আমাদের সমৃদ্ধ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করতে ২৭ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করার আদেশ দেন। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে।
শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে, ভবনটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা। কিন্তু শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি পরিদর্শন করতে এসে গণপূর্ত বিভাগ কর্তৃক নির্মিত কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনের আগেই ফ্লোর ফেটে গেছে, নিম্নমানের অডিটরিয়ামের চেয়ার ও টাইলস ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সাউন্ড সিস্টেম স্থাপনে।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, শিল্পকলা একাডেমির দৃষ্টিনন্দন ভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী হয়নি। এতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রকল্পের নামে কোটি কোটি লুটপাট করা হয়েছে। রংপুরের সাস্কৃতিক অঙ্গনের মানুষরা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্ত্রী নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন করবেন এমন খবর জানাজানি হলে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠান ও শিল্পকলা একাডেমির কর্মকর্তারা লোকজন নিয়ে সকাল থেকে নবনির্মিত ভবনের সামনে অবস্থান নেন।
এম২৪নিউজ/আখতার