রংপুরে সবজির দাম চড়া

নিউজ ডেস্ক:

সম্প্রতি ভারী বর্ষণ ও বন্যায় রংপুরের পাঁচ জেলায় সবজির দাম বেড়েছে। বন্যার প্রভাব পড়েছে গ্রাম থেকে শহরের কয়েক শত কাঁচাবাজর ও অন্যান্য হাট-বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন, বেগুন, শশা, ঝিঙা, পটোল, বরবটি, পাতাকপি, ফুলকপি, ঢেড়স, করলার দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

গতকাল শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগের প্রতি কেজি ২০ টাকার পটল এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। ঢেড়স ২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। ১৫ থেকে ২০ টাকা কেজি দরের বেগুন এখন ৫০ থেকে ৬০ টাকা। মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৪৫ টাকা, বরবটির দাম বেড়ে হয়েছে ৬০ টাকা।

এছাড়া ২০ টাকার করলা ৮০ টাকা, ১৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ২০ থেকে ২৫ টাকা কেজি দরের পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ডা. হেমন্ত কুমার দেবনাথ জানান, বাজারে সবজির দাম খুব চড়া। দুই সপ্তাহ আগে যে দাম ছিল, বন্যায় এখন তা বেড়ে দ্বিগুণ-তিন গুণ হয়ে গেছে।

রংপুরের পৌর বাজারের সবজি দোকানি এমদাদুল বলেন, সবজি সাধারণত চরাঞ্চল থেকে রংপুরের বিভিন্ন বাজারে আসে। বৃষ্টি ও সম্প্রতি বন্যায় ওইসব অঞ্চল থেকে সবজির সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা বেশি দামে সবজি সরবরাহ করছেন।

রংপুর অঞ্চল বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সারোয়ারুল হক বলেন, ‘অতি বৃষ্টিতে সবজির গাছ অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে একটু দাম বেড়েছে। তবে কিছু দিনের মধ্যে দাম হাতের নাগালে চলে আসবে।’

সূত্র: ইত্তেফাক (১২/১০/২০১৯)

Leave a Reply