রংপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

রংপুর অফিস:

রংপুরে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করেছে আদালত। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে অশ্লীল বক্তব্যের অভিযোগে তুলে এই মামলার আবেদন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।

আজ বুধবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট হানিফ মিয়া বাদী হয়ে এই মামলার আবেদন করেন। ছয় ঘণ্টা পর বিকেল সোয়া পাঁচটার দিকে সেই আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনালের বিচারক ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শফি কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বক্তব্য উপস্থাপন করেন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও কোনো ভাবেই প্রত্যাশিত নয়। এমন মানহানিকর বক্তব্য পুরো নারী জাতির প্রতি নোংরা দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ও আপত্তিকর। আদালতের কাছে আমরা এই মানহানিকর বক্তব্য প্রদানকারীর বিরুদ্ধে আইনগত ভাবে মামলার জন্য আবেদন করা হয়। বিজ্ঞ আদালত বিকেলে মামলার আবেদন খারিজ করে দেন। এই মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার নাহিদকে আসামি করা হয় বলে জানান তিনি।

বেলা ১২টার দিকে মামলার আবেদন পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। পরে মামলার বাদী এ্যাডভোকেট হানিফ মিয়া সাংবাদিকদের বলেন, সরকারের সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের করা কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য পুরো নারী জাতিকে অসম্মান করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুর জেলা সভাপতি এ্যাডভোকেট একরামুল হক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফি কামাল, সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply