
রংপুর অফিস:
বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে সাম্প্রদায়িক উষ্কানি ছড়ানোর পরিকল্পনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি করেছেন।
আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছে সংগঠন দু”টির নেতা কর্মীরা।
রংপুর মহানগরের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক উত্তম কুমারের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চর মহানগর সভাপতি শুভ্র গোপাল দ্বীপ শর্মা।
বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলমগীর হোসেন সুজন, বেরোবি ছাত্রফ্রন্টের সভাপতি রিনা মুরমু।
বক্তারা বলেন, একজন বিজ্ঞান শিক্ষক ক্লাসে বিজ্ঞান পড়াবেন এটাই স্বাভাবিক। জীবন ও জগতের নিয়ম জানা ও শেখানোর মধ্য দিয়ে যুক্তিবাদী মন গড়ে ওঠে। মানুষের মধ্যে সাম্প্রদায়িক কুপন্ডকতা দূর হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য পাঠ্যপুস্তকে একের পর এক অসাম্প্রদায়িক লেখকদের লেখা সরিয়ে ফেলা হয়েছে। যার কারণে বিজ্ঞান মনস্ক সমাজ বিরোধি স্রোতে গা ভাসাচ্ছে যুবরা। আমরা শিক্ষার্থীদের মধ্যে বিপর্যয় দেখছি।
বক্তারা আরো বলেন, শুধুমাত্র বিজ্ঞানের নানা বিষয় খোলা মনে পড়ানোর জন্য একজন বিজ্ঞান শিক্ষককে গ্রেপ্তার করা হলো। এটা বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলার পথে অশনিসংকেত। ধর্ম এবং বিজ্ঞানকে মুখোমুখি করার ষড়যন্ত্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অংশ।
বক্তারা অবিলম্বে শিক্ষক হৃদয় মন্ডলের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করাসহ সাম্প্রদায়িক উষ্কানি ছড়ানোর পরিকল্পনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এম২৪নিউজ/আখতার