রংপুরে ১০ লাখ মাস্ক দিচ্ছে পুলিশ

নিউজ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে বিনামূল্যে ১০ লাখ মাস্ক এবং এক লাখ লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর মেডিকেল মোড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

এই কার্যক্রমে রংপুরের রফতানিমুখী প্রতিষ্ঠান কারুপণ্য তাদের উৎপাদিত ১০ লাখ মাস্ক সরবরাহ করেছে। এছাড়া এক লাখ লিফলেট দিয়েছে লাজফার্মা লিমিটেড।

পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ বলেন, সর্দি-কাশি মানেই করোনা নয়। এই সময়টায় এমনিতেই মানুষের সর্দি-কাশি হয়ে থাকে।  

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী করোনায় আক্রান্তদের ৮০ ভাগ বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হন। সুতরাং আমাদের আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। পর্যায়ক্রমে কমিউনিটি পুলিশিং এর সহযোগিতায় নগরীর প্রত্যেক এলাকাতে মাস্ক ও লিফলেট বিতরণ করা হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ ইমরুল কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।