
অনলাইন ডেস্ক:
রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ১৮টি ইউপির নির্বাচন হবে বৃহস্পতিবার। নির্বাচন উপলক্ষে এই দুই উপজেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
পীরগাছা উপজেলার ৮ ইউপি চেয়ারম্যান পদে ৪৩ জন, সদস্য নারী (সংরক্ষিত) আসনে ১২০ জন ও সাধারণ সদস্য পুরুষ পদে ৩৩৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৮ ইউপি হচ্ছে পারুল, ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা,তাম্বুলপুর, পীরগাছা, কৈকুড়ি ও কান্দি।
৮টি ইউপিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ২৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৩৩ জন আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৬৬ জন।
পীরগাছা উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। ভোটদানের কক্ষ রয়েছে ৬২৩টি। অন্যদিকে পীরগঞ্জ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯৯টি ও ভোটদানের কক্ষ ৫৭০টি।
অপরদিকে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সদস্য নারী (সংরক্ষিত) আসনে ১৩৬ জন, সাধারণ সদস্য ৪২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ ইউপি হচ্ছে চৈত্রকোল, ভেন্ডাবারী, বড় দরগা, কুমেদপুর, মদনখালী, টুকুরিয়া, শানেরহাট, পাঁচগাছি, চতরা ও কাবিলপুর।
পীরগঞ্জের ১০ ইউপিতে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৯৭ হাজার ৯৪৩ জন। আর নারী ভোটারের সংখ্যা ৯৭ হাজার ৮৫৯ জন। নির্বাচন উপলক্ষে এই দুই উপজেলায় রেকর্ড সংখ্যক ১ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন রংপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।
নিবিঘ্নে ভোট দেওয়ার জন্য পীরগাছা উপজেলায় থাকছেন ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরদিকে পীরগঞ্জ উপজেলায় থাকছেন ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়াও দুই উপজেলায় ১ জন করে অতিরিক্ত জেলা প্রশাসক থাকছেন। প্রতিটি ভোট কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে ১ জন উপ-পরিদর্শকের নেতৃত্বে থাকবে ৪ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য।
প্রতিটি ইউনিয়নে ১ জন এডিশনাল এসপির নেতৃত্বে থাকছে পুলিশের মোবাইল টিম, ৩টি ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স। এছাড়াও দুই উপজেলায় র্যাবের ৩টি টিম নিয়োজিত থাকবে। অপরদিকে এ ২ উপজেলায় ৩ প্লাটুন করে বিজিবির সদস্যরা কাজ করবেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার