রংপুরে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

অনলাইন ডেস্ক:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রমের প্রথমদিনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন), রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ), রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনের ২৭ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, কাগজপত্রের ত্রুটির কারণে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৩ জনের মনোনয়নপত্র স্থগিত করেন।

এর মধ্যে রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির শাহিনুর আলম, স্বতন্ত্র প্রার্থী মো. মঞ্জুর আলী, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

স্থগিত করা হয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া ও বাংলাদেশ ওয়াকার্স পার্টির বখতিয়ার হোসেনের মনোনয়ন। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র। তবে সকালে মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্রে মামলা সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে তার মনোনয়ন স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরে দুপুরে রাঙ্গার প্রতিনিধি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply