রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস চলাচল শুরু, ৩০ মিনিট পর পর ছুটবে বাস

রংপুর অফিস:

বহুল কাঙ্খিত রংপুর-পঞ্চগড় রুটে দীর্ঘদিন পর চালু হয়েছে রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ বাস চলাচল। যাত্রী হয়রানি বন্ধ ও দুর্ভোগ কমাতে রংপুরমুখী চিকিৎসা, শিক্ষা, ব্যবসাসহ অন্যান্য সেবাপ্রত্যাশী মানুষের সুবিধার্থে এই সার্ভিস চালু করেছে মটর মালিক সমিতি। নতুন ২০টি বাস চলাচলের মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষেরা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে সহজে ভারতে ও যেতে পারবেন।

আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর-নীলফামারী-পঞ্চগড় রুটে এই মেইল বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাসটি সাড়ে তিন ঘণ্টায় ১২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা গন্তব্যে পৌঁছাবে।

এই নতুন রুটে এই বাস সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক। এসময় সমিতির সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন উপস্থিত ছিলেন। এর আগে সকাল সোয়া সাতটার দিকে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় হয়ে রংপুরের উদ্দেশ্যে একই রুট ধরে ‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ এর আরেকটি বাস যাত্রা করে। প্রতিদিন ৩০ মিনিট পরপর রংপুর থেকে নীলফামারী হয়ে পঞ্চগড় রুটে লাল-সবুজ রঙের পতাকা সাটানো ২০টি বাস চলাচল করবে।

রংপুর থেকে ১২৫ কিলোমিটারের পথ বাংলাবান্ধা। এই রুটে রংপুর থেকে জন প্রতি যাত্রীর জন্য ১৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়াতে এখন বর্তমান ভাড়া হবে ২২৫ টাকা।

দেশের উত্তরের দেড় কোটি মানুষের বিভাগীয় জেলা রংপুর। প্রতিদিন বিভাগীয় এই জেলা শহরে নানান প্রয়োজনে বিভিন্ন জেলার মানুষকে আসতে হয়। বিশেষ করে রংপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা থেকে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে রংপুর শহরে মানুষের যাতায়াত আগের চেয়ে অনেক বেশি বেড়েছে।

রংপুর থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত নতুন রুটে আগে বাস চলাচল ছিল না। তবে অন্য যেসব বাস চলাচল করে তা হাতেগোনা কয়েকটি হওয়ায় এ অঞ্চলের মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে। এবার সেই দুর্ভোগ কমানো সহ চিকিৎসাসেবা ও পর্যটন শিল্পমুখী মানুষের যাতায়াত সুবিধা বাড়ানোর যৌথ উদ্যোগ হিসেবে চালু করা হলো ‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ বাস সার্ভিস।গত সোমবার নীলফামারীতে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বৈঠকে রংপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার বাস মালিক সমিতির নেতারা অংশ নেন। তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এ অঞ্চলের সাধারণ মানুষ। কোনো কারণে যাতে নতুন এই পরিবহন সুবিধা থমকে না যায়, সে জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান যাত্রীদের।

রংপুর নগরীর ভ্রমণ পিপাসু যুবক রাব্বি হাসান বলেন, রংপুর বিভাগের মানুষের জন্য এটি ভালো সংবাদ। রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস বাস সার্ভিস চালু হওয়াতে আমরা মালিক সমিতির প্রতি কৃতজ্ঞ। এখন এই বাসে রংপুর থেকে পঞ্চগড় যেতে খুব বেশি বেগ পেতে হবে না। পর্যটন প্রেমিদের জন্য এ ধরণের বাস সার্ভিস বেশ আনন্দদায়ক হবে। শুধু রংপুরই নয় পুরো বিভাগের মানুষ উপকৃত হবে।

রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজ্জাম্মেল হক বলেন, লাল-সবুজ পতাকা লাগানো রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস নামে ২০টি বাস চলাচল করবে। এরমধ্যে রংপুরের আটটি এবং নীলফামারী ও পঞ্চগড় জেলার ছয়টি করে বাস রয়েছে। তিনজেলার মানুষ অল্প সময়ের মধ্যে স্বল্প ভাড়ায় তাদের গন্তব্যে পৌঁছবে। বিশেষ করে পঞ্চগড়ের মানুষ বিভাগীয় শহর রংপুরে এসে তাদের চিকিৎসা, শিক্ষা ও অফিস-আদালতসহ অন্যান্য কাজের প্রয়োজনে দ্রুত যাতায়াত করতে পারবেন।

পঞ্চগড় জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান জানান, প্রতিদিন বাংলাবান্ধা থেকে সকাল সোয়া ৭টা থেকে শুরু করে ৩০ মিনিট পরপর বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত নতুন এই বাস চলাচল করবে। অপরদিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকাল পৌনে ৮টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৩০ মিনিট পরপর পঞ্চগড়ের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে আসবে।

রংপুর থেকে পাগলাপীর, তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ, ট্যাংঙ্গনমারী, নীলফামারী, গাছবাড়ী, নীলসাগর সড়কে ভবানীগঞ্জ, সোনাহাট, দেবীগঞ্জ, সাখওয়া, বোদা, পঞ্চগড় ও বাংলাবান্ধা। দীর্ঘ ১২৫ কিলোমিটারের এ পথ পাড়ি দিতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। এসব বাসে রংপুর থেকে তারাগঞ্জের ভাড়া ৫০ টাকা, তারাগঞ্জ থেকে কিশোরগঞ্জ ২৫, কিশোরগঞ্জ হতে ট্যাংঙ্গনমারী ১৫, ট্যাংঙ্গনমারী থেকে নীলফামারী ২৭, নীলফামারী হতে দেবীগঞ্জ ৫০, দেবীগঞ্জ থেকে বোদা ৪০ টাকা এবং বোদা হতে পঞ্চগড় পর্যন্ত ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply