
রংপুর অফিস:
রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দু‘দিন ধরে অঘোষিত ধর্মঘট চলায় চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের রোগীরা।
জানাগেছে রোগীর স্বজনদের দুর্ব্যবহারের প্রতিবাদে চিকিৎসকরা পূর্বঘোষণা ছাড়াই ধর্মঘট পালন করে আসছেন। আজ রোববার বিকাল পর্যন্ত দ্বিতীয় দিনে মত ধর্মঘট অব্যাহত রয়েছে।
গত শুক্রবার রাতে শিশু ওয়ার্ডে একজন রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনা ঘটে।
গত শনিবার দুপুর থেকে শুরু হওয়া ধর্মঘট দ্বিতীয় দিনেও চলছে। চিকিৎসকরা মেডিকেল ছেড়ে যাওয়ার ফলে চিকিৎসা নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন শত- শত রোগী ও তাদের স্বজনরা।
রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট ডাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মূলত ইন্টার্নদের ওপরই ভর্তি রোগীদের চিকিৎসা নির্ভর করায় তাদের অনুপস্থিতে পুরো চিকিৎসা ব্যবস্থার ওপর এর প্রভাব পড়েছে।
এরই প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকরা ব্যবস্থা নেওয়ার জন্য রোববার দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু কিছু না জানিয়ে তারা শনিবার দুপুর থেকে হাসপাতাল ছেড়ে যায়।এ ব্যাপারে বিভিন্নভাবে ইন্টার্নদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম সাংবাদিকদের রোববার বিকালে জানান, এখন পর্যন্ত ইন্টার্নদের ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়েনি। তবে তাদের ধর্মঘট অব্যাহত হলে চিকিৎসা সমস্যার সৃষ্টি হবে।
এম২৪নিউজ/আখতার