রংপুরে নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার:

বাড়ীতে আটকিয়ে রেখে স্বামী কর্তৃক স্ত্রীকে মারপিট করাসহ জোর পূর্বক সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মারপিটের শিকার এক সন্তানের জননী মিফতাহুল জান্নাত মারুফা (২৫)কে পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে দিয়েছে বলে জানা গেছে । মারপিটের শিকার মারুফাকে আজ (২৫ আগষ্ট) মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামের আব্দুস ছামাদের মেয়ে মিফতাহুল জান্নাত মারুফার বিয়ে হয় যশোর জেলার চৌগাছা থানার কাবিলপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে মাহবুবুর রহমানের সাথে। ৪ বছরের বিবাহিত জীবনে তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়।

মাহবুবুর রহমান ( ৩৩) তার স্ত্রী সন্তান নিয়ে রংপুরে তাতীপাড়ায় ভাড়া বাসায় থেকে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। সঠিকভাবে ভরনপোষণ না দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। অভিযোগে বলা হয়েছে, ২০ আগষ্ট গভীর রাতে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরাসহ মারপিট করে মাহবুবুর রহমান তার স্ত্রীর কাছ থেকে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

নির্যাতিত মারুফার বাবা আব্দুস ছামাদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে আরপিএমপি রংপুর কোতয়ালী থানা পুলিশ ২৪ আগষ্ট রাতে মারুফাকে তার স্বামীর ভাড়া বাসা রংপুর তাতীপাড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে দেন। মারুফার বাবা আব্দুস ছামাদ জানান,নির্যাতনের ঘটনায় মামলার প্রস্ততি নেয়া হচ্ছে।

এম২৪নিউজ/এসএ