
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর সদরে জহুরুল হক ভোলা (৬০) নামে এক গোডাউন পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর ভুরারঘাট বাজার থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জহুরুল হক পেশায় ভ্যানচালক। ভুরারঘাট বাজারের পাশে বাড়ি তার। দিনে ভ্যান চালালেও রাতে ওই বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউন পাহারা দিতেন জহুরুল।শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখে।শনিবার সকালে লোকজন বাজারে এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তাকে কুপিয়ে হত্যা করেছে।
সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাজিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
এম২৪নিউজ/আখতার