
রংপুর অফিস:
ঢাকার কোভিট হাসপাতালের জরুরী প্রয়োজনের জন্য তিনটি ট্রাক নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া চাহিদা পত্র দেখিয়ে স্টোর থেকে ভুয়া চালানের মাধ্যমে করোনা চিকিৎসার অক্সিজেন নিতে এসে ধরা পড়েছে প্রতারক চক্রের ৬ সদস্য। জব্দ করা হয়েছে তিনটি ট্রাক। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান যে ট্রাক তিনটি অক্সিজেন সহ সিলিন্ডার নিতে এসেছিলো সেই ট্রাক গুলো দিনাজপুর থেকে ভাড়া করা ড্রাইভারের কাছে থাকা ট্রাক বন্দোবস্তো কমিটির রশিদে তাই লেখা আছে। যদি সত্যি সত্যি ঢাকা থেকে অক্সিজেন সহ সিলিন্ডার নিতে আসতো তাহলে দিনাজপুর থেকে ট্রাক ভাড়া করতে হবে রংপুর থেকে ট্রাক ভাড়া করা যেত। তা ছাড়া অক্সিজেন সহ সিলিন্ডার নিতে স্বাস্থ্য বিভাগের কোন কর্মকর্তা বা কর্মচারী আসলোনা কেন ড্রাইভার হেলপাররা আসলো কেন ইত্যাদি প্রশ্নের কোন উত্তর মিলছেনা।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে অক্সিজেন সিলিন্ডার পাচার চক্রের সদস্য সন্দেহে তিন ট্রাকের চালক ও হেলপারকে আটক করেন হাসপাতালের কর্মচারীরা। এ ঘটনায় অক্সিজেন সিলিন্ডার নিতে আসা তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না। আটকরা হলো দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা ট্রাকচালক জহুরুল ইসলাম (৪৩), মোঃ হাবিল (২৯), মোঃ সুজন হোসেন (২৯) ও হেলপার সাঈদ হাসান (২৯), সাইফুল ইসলাম (৩৪) এবং আশিক রায় (২৮)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।
অভিযোগ উঠেছে, হাসপাতালের স্টোর থেকে একজন কর্মচারী অক্সিজেন সিলিন্ডারগুলো ট্রাকে তোলার নির্দেশ দেন। বিনিময়ে ওই কর্মচারী ট্রাক চালকদের কাছ থেকে তিন হাজার টাকাও নিয়েছেন। কিন্তু ঘটনার পর ওই কর্মচারী তার মোবাইল ফোন বন্ধ রেখেছেন। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে ট্রাকচালক হাবিলের কাছ থেকে জব্দ করা বুকিং চালানে দেখা গেছে, রেজাউল নাম উল্লেখ করা এক ব্যক্তি অক্সিজেন সিলিন্ডার রংপুর থেকে ঢাকায় পরিবহনের জন্য ৪০ হাজার টাকায় ট্রাক ভাড়া করেছেন। চালানে ট্রাকচালকের ফোন নম্বর থাকলেও রেজাউলের কোনো নম্বর ছিল না। শুক্রবার সকালে দিনাজপুর থেকে তিনজন চালক ও তিনজন হেলপার ট্রাকসহ রংপুরের উদ্দেশ্যে রওনা হন। বেলা আড়াইটার দিকে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পৌঁছায়।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার ইনচার্জ সাঈদ বাবু বলেন, শুক্রবার বিকেলে ঢাকা থেকে হাসপাতালে এক ট্রাক অক্সিজেন সিলিন্ডার আসার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে দিনাজপুর থেকে আসা খালি ট্রাক তিনটি চালান নিয়ে স্টোরে যোগাযোগ করলে সন্দেহ তৈরি হয়। পরে কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করে বিষয়টি পুলিশে জানানো হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এটি কোনো প্রতারক চক্রের ষড়যন্ত্র হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এ ঘটনায় ছয়জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, অক্সিজেন সিলিন্ডার চুরির বা পাচারের চেষ্টার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে ট্রাকের চালক ও হেলপারসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মূল বিষয়টি উদঘাটন হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম জানান, পুরো ঘটনাটি প্রতারণার ফাঁদ হতে পারে। ট্রাক বুকিংকারী হিসেবে তার নাম থাকার বিষয়টি রহস্যজনক। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা তদন্ত করতে পুলিশকে বলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার

