রমেক হাসপাতালের সরকারি ওষুধ চুরির পর পাচারকালে নারী আটক

নিউজ ডেস্ক:

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সরকারি ওষুধ চুরির পর পাচারকালে এক নারীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রমেক হাসপাতালের পূর্ব গেট থেকে তাকে আটক করা হয়। এসময় ওই নারীর কাছ থেকে বিপুল পরিমাণ মূল্যবান ওষুধ উদ্ধার করা হয়েছে।

আটক নারীর নাম মোছা. শিরিন বেগম (২৮)। তিনি রংপুর মহানগরীর ১৬নং ওয়ার্ডের কেল্লাবন্দের বাসিন্দা আবু বক্করের স্ত্রী।

রংপুর আরপিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, আটক নারীর কাছ থেকে ইনজেকশন, সিরিঞ্জ, ক্যাথেটার, ইউরিন ব্যাগসহ বিপুল পরিমাণের মূল্যবান ওষুধ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের কেউ বাদি না হওয়ায় সরকারি সম্পদ রক্ষায় মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ নিজেই বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারেন্টন্ডকে কয়েকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এম২৪নিউজ/আখতার