
অনলাইন ডেস্ক:
সাভারে চাকরি দেওয়ার নামে ভুয়া কোম্পানি খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে তেঁতুলঝোড়া কলেজ রোড এলাকায় অবস্থিত তরিকুল ফোর স্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেডের কার্যালয় থেকে তাদের আটক করে র্যাব-৪ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার মো. সেলিম হোসেন (২৯), মানিকগঞ্জ জেলার মো. সোহেল রানা (২৪), তাসলিমা আক্তার (২০), নারায়ণগঞ্জ জেলার মো. আজিজুল ইসলাম (২২), বগুড়া জেলার মো. সোহান (১৮), মাদারীপুর জেলার মো. জাহাঙ্গীর হোসেন (২১) ও ঢাকা জেলার ফারহানা আক্তার সীমু (১৮)।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, বুধবার রাতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত দুইশ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫টি জীবনবৃত্তান্ত, পাঁচটি অব্যাহতির ফরম, ৩০টি নিয়োগ বিজ্ঞপ্তির ছোট ব্যানার, স্ক্যানার, সিপিইউ, মনিটর, ল্যাপটপ ও ১১টি মোবাইল জব্দ করা হয় এবং সাতজনকে গ্রেফতার করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানটি থেকে প্রতারণার শিকার ১২ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, চাকরি প্রত্যাশীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দেওয়া হতো। সেই অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনো কাজের সন্ধান না পেয়ে পুনরায় তাদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদের ভয়ভীতি দেখিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করে তাড়িয়ে দিতো প্রতারক চক্রটি। আটকদের বিরুদ্ধে বুধবার রাতেই সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার