শেখ হাসিনাকে বরণে প্রস্তুত রংপুরবাসী

নিউজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে রংপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলার দুটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পাঁচ বছর পর শ্বশুর বাড়িতে আসার খবরে সাজ সাজ রব বিরাজ করছে সর্বত্র। নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে উৎসাহ ও উদ্দীপনা।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সূত্রে জানা গেছে, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ রংপুরের আশপাশের জেলা থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার উভয় সমাবেশে যোগ দেবেন।

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল জানান, মঙ্গলবার সকালে শেখ হাসিনা একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। পরে দুপুরে তারাগঞ্জের ওয়াকফস্টেট কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাকে বরণে প্রস্তুত রংপুরবাসী।

রংপুর অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে রংপুরসহ অন্যান্য জেলায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হাসিনার সফর তাৎপর্যপূর্ণ।

নির্বাচনে আওয়ামী লীগ রংপুর-১ ও ৩ আসন জাপাকে ছেড়ে দেয়। আর চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা লড়ছেন। এরমধ্যে রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) থেকে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) থেকে টিপু মুনশি, রংপুর-৫ (মিঠাপুকুর)‌ রাশেক রহমান এবং রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সমাবেশের পাশাপাশি প্রধানমন্ত্রী তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের প্রতিষ্ঠিত রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামের জয়সদনে তার আত্মীয়দের সঙ্গে দেখা করার এবং দুপুরের খাবার খাওয়ারও কথা রয়েছে। তিনি তার স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন।

পীরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, প্রধানমন্ত্রীর সফরে সবকিছু সুষ্ঠুভাবে রাখতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী বিশেষ করে পীরগঞ্জে উন্নয়ন করেছেন চোখে পড়ার মত। পীরগঞ্জে যোগাযোগ খাতে উন্নয়ন কল্পনার বাইরে ছিল। পীরগঞ্জবাসী হাসিনার প্রতি কৃতজ্ঞ।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা আরও প্রতিশ্রুতি আশা করছেন আজকের এই সমাবেশে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply