
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে ধর্মীও বক্তা আবু ত্ব-হা আদনানকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুন) জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়। এরপর ৩টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আদনানের পরিবার সূত্রে জানা যায়, জুমার নামাজের পরপর আদনানের প্রথম স্ত্রীর বাবার বাড়ি রংপুর নগরীর মাস্টার পাড়ায় আদনানকে পৌঁছে দিয়ে যায় কিছু লোক।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুন) বিকাল চারটার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে আদনান সাভারে যাচ্ছেন বলে তার মাকে জানান। এরপর রাত ২টা ৩৭ মিনিটে স্ত্রী হাবিবা নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের। এ সময় তিনি ঢাকার গাবতলীতে আছেন বলে জানান। তারপর থেকেই তার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এ সময় ত্ব-হার সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ছিলেন। ওই রাত থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে তাকে না পেয়ে রংপুর কোতয়ালী থানায় জিডি করেন তার মা আজেদা বেগম।
এম২৪নিউজ/আখতার