পুলিশের থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিল স্বজনরা

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ মোটরসাইকেল চোর চক্রের হোতা আশরাফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। শনিবার রাত ১২টা পর্যন্ত ছিনতাইকৃত আসামিকে পুনরায় গ্রেফতার বা হাতকড়া উদ্ধার করতে পারেনি পুলিশ।

এর আগে দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আসামি আশরাফুল ইসলাম ওই এলাকার আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চোর চক্রের হোতা আশরাফুল ইসলাম। চুরি সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে নীলফামারী ও লালমনিরহাটে মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় ওয়ারেন্ট জারি করে আদালত। সেই ওয়ারেন্ট অনুযায়ী শনিবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী তাকে গ্রেফতার করেন। এরপর তাকে নিয়ে আসার সময় আসামির স্বজনরা পুলিশের উপর চড়াও হয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আরো পুলিশ ফোর্স পাঠানো হলেও রাত ১২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার বা হাতকড়া উদ্ধার করতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, তাকে গ্রেফতার ও হাতকড়া উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply