
নিউজ ডেস্ক:
ভারতীয় চোরা কারবারির টাকা নিয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৪টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়। এরআগে ১৯আগস্ট বুধবার উপজেলার উত্তর জাওরানী গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল উপজেলার উত্তর জাওরানী গ্রামের আব্দুল খালেকের ছেলে। এছাড়া সে জাওরানী মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
আটককৃতরা হলেন, উপজেলার উত্তর জাওরানী গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর।
জানা গেছে, নিহত জুয়েলের ভাই সবুজ ও আটককৃত জাহাঙ্গীর যৌথভাবে ভারতীয় চোরা কারবারি করতো। সবুজ জাহাঙ্গীরের নিকট ভারতীয় গরু পারাপারের ১০হাজার টাকা পায়। সেই টাকা চাইলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। এরমধ্যে গুরুতর অবস্থায় জুয়েল ও সবুজকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর ও তার বাবা আব্দুর রহিমকে আটক করেছে।
এ বিষয়ে ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন জুয়েলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, টাকা নিয়ে মারামারি ঘটে। এতে জুয়েলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার