
অনলাইন ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উপস্থিতিতে নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ওই উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির পুরাতন পার্টি অফিসে এ হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই উপজেলায় বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাট থেকে সড়ক পথে হাতীবান্ধায় আসেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির পুরাতন পার্টি অফিসের সামনে সাবেক এমপি জয়নুল আবেদীন সরকারের বড় ছেলে সায়েদুজ্জামান কোয়েলসহ তার সমর্থিত নেতাকর্মীরা দুলুর মাইক্রোবাস থামিয়ে নানা অভিযোগ করেন। এক পর্যায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য সচিব আফজাল হোসেন মিয়ার সমর্থিত নেতাকর্মীর সঙ্গে কোয়েল সমর্থিত নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক সিনিয়র নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের বাড়িতে বর্ধিত সভা হয়।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ছাত্রদলের এক নেতা বাজে মন্তব্য করলে উত্তেজনা দেখা যায়। এ সময় কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার