
অনলাইন ডেস্ক:
২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর করোনা ভাইরাস মহামারির কারণে এবছর এসএসসির নির্বাচনী পরীক্ষা হবে না বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।
রোববার (২১ মার্চ) ঢাকা বোর্ড থেকে জারি করা এসএসসি পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ২৮ মার্চ প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ৮ এপ্রিল শেষ হবে।
আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাবে। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ফি ১৫ এপ্রিল পর্যন্ত ফি জমা দেয়া যাবে।
২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২০ খ্রিষ্টাব্দের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের ১ এপ্রিলের মধ্যে নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে বলা হয়েছে।
বোর্ড আরও জানিয়েছে, করোনা অতিমারির কারণে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি ১০০টাকা নির্ধারণ করা হয়েছে।
এসএসসি পরীক্ষার ফরমপূরণের বিস্তারিত প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। ফরম পূরণের বিজ্ঞপ্তিটি দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হল।
এসএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখুন:
সূত্র: দৈনিকশিক্ষা
এম২৪নিউজ/আখতার