
রংপুর অফিস:
করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে রংপুরে অবস্থানরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে ৮টি বাস ছেড়ে গেছে।
এ তথ্য নিশ্চিত করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ এহতেরামুল হক।
তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে সকাল ৭ টায়, বগুড়ার উদ্দেশ্যে সকাল ৯টায় একটি করে বাস এবং রাজশাহীর উদ্দেশ্যে সকাল ৮টায় দুইটি বাস ছেড়ে যায়।
তিনি জানান, গাড়ি ছাড়ার নির্ধারিত সময়ের পূর্বে নিবন্ধিত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় সুরক্ষাবিধি নিশ্চিত করাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ও ছাত্র উপদেষ্টা ড. মোঃ নুরআলম সিদ্দিকসহ দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরো জানান, বিকেলে ময়মনসিংহ, চট্টগ্রাম, জামালপুর ও বরিশাল-খুলনা রুটে একটি করে মোট ৪টি বাস ছেড়ে যায়। আজ শুক্রবার ১৬ জুলাই নওগাঁ ও সিরাজগঞ্জ রুটে ২টি বাস এবং শনিবার ১৭ জুলাই নাটোর ও হবিগঞ্জ রুটের উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে নিয়ে রওনা হবে।
এদিকে, রংপুর বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ে ১৮ ও ১৯ জুলাই ক্যাম্পাস থেকে কয়েকটি রুটে বাস ছেড়ে যাবে। রংপুর বিভাগের শিক্ষার্থীদের রুট বিন্যাসসহ বিস্তারিত তথ্য যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজ এর মাধ্যমে জানানো হবে ।
এম২৪নিউজ/আখতার