অ্যাম্বুলেন্সে মিলল ১৩ কেজি গাঁজা

নিউজ ডেস্ক:

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মকবুল হোসেন।

আটকরা হলেন- রংপুরের তহিগঞ্জ এলাকার তোমছের আলীর ছেলে আতিক হাসান ও গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল কাদের মোল্লার ছেলে আইনাল হক।

জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শুক্রবার গভীর রাতে গাঁজা ভর্তি একটি অ্যাম্বুলেন্স নাগেশ্বরী থেকে বগুড়ার দিকে যাবে। পরে গোয়েন্দা (ডিবি) পুলিশের  একটি টিম কুলাঘাট এলাকায় ওঁৎ পেতে থেকে অ্যাম্বুলেন্সটি আটক  করে। পরে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মকবুল হোসেন জানান, আটক হওয়া অ্যাম্বুলেন্সটি কার নামে তা বের করা হচ্ছে। কাগজ অনুযায়ী অ্যাম্বুলেন্সের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।