গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফনে গ্রামবাসীর বাধা

নিউজ ডেস্ক:

গাইবান্ধায় শুক্রবার করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি জাহাঙ্গীর আলমের (৪৫) মরদেহ দাফনে গ্রামবাসীরা বাধা প্রদান করেন। পরে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় আন্জুমানে মফিদুল ইসলাম তার মরদেহ শ্বশুরবাড়িতে দাফন করা হয়।

গাইবান্ধা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান জানান, জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জে পোষাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন। শুক্রবার সকালে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান। তিনি আরও জানান, কিছুদিন থেকে তিনি লিভারের সমস্যাতেও ভুগতেছিলেন।

আরো পড়ুন: পীরগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৬

গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহফুজার রহমান জানান, মৃত ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহারিয়া জানান, ওই মৃত বক্তির সংস্পর্শে আসা পরিবারের লোকজনদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।