রংপুর ও কুড়িগ্রামে নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর মেডিক্যাল কলেজে শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী (৩০), রংপুর  মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী (৪২), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী কর্মচারী (২৫), একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এক নারী (৩২), পীরগঞ্জ উপজেলার এক যুবক (২৫), পীরগাছা সদরের এক পুরুষ (৪০) ও তাম্বুলপুরের এক কিশোরী (১৫)। এ নিয়ে রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮ জনে।

এছাড়া নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম জেলার রাজারহাটের একই পরিবারের এক নারী (৪২), এক কিশোরী (১৭) ও শিশু (৯) এবং কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গার যুবতী (২৫), এক নারী (৩৫), উলিপুরের এক যুবক (২৮) ও চিলমারী উপজেলার এক কিশোর (১৪)।

সূত্র জানায়, রংপুর মেডিক্যাল কলেজে করোনা শনাক্তে পিসিআর মেশিন স্থাপন করা হয় গত ২ এপ্রিল। এরপর থেকে ১ মে পর্যন্ত তিন হাজার ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ঢাকায় আইইডিসিআর মাধ্যমে শনাক্ত হয়েছে রংপুর বিভাগের আরও ছয় জন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে শনাক্ত হয় পাঁচজনের। এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে।

আক্রান্তদের মধ্যে রংপুরে ৪৮, গাইবান্ধায় ১৭, দিনাজপুরে ২২, নীলফামারীতে ১৪, ঠাকুরগাঁওয়ে ১৮, কুড়িগ্রামে ১৮, লালমনিরহাটে তিন এবং পঞ্চগড় জেলার ছয়জন রয়েছেন।

এম২৪নিউজ/আখতার।