
অনলাইন ডেস্ক:
সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩২ জেলের মধ্যে সন্ধান মিলেছে বরগুনার এফবি মায়ের দোয়া ট্রলারের ১২ জনের। শনিবার দুপুরে তারা পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে এসে পৌঁছান। ফিরে আসা সবাই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এর আগে, সকাল ১১টার দিকে ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করেন তারা।
ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরি জানান, জেলেসহ ট্রলারটি ঝড়ের কবলে পড়ে আশ্রয় নিতে গিয়ে সুন্দরবনের চরে উঠে যায়। এরপরই মালিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। সেখান থেকে শনিবার বেলা ১১টার দিকে জেলেরা সাগরে ফিরে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করেন।
ফিরে আসা জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহ জাহান, ছত্তার মোল্লার ছেলে আব্দুর রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হোসেন, আব্দুর রহমানের ছেলে মিরাজ, নুরু মিয়ার ছেলে ছগির, তাফালবাড়ি এলাকার খলিল গোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুস ছত্তার, আব্দুল লতিফের ছেলে নাসির, জ্ঞানপাড়া এলাকার আব্দুল গনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম, বড় টেংরা এলাকার আবুল হাসেমের ছেলে ফুল মিয়া।
গত ২৫ সেপ্টেম্বর পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট থেকে অন্যান্য ট্রলারের সঙ্গে মাছ ধরতে সাগরে যান এফবি মায়ের দোয়া ট্রলারের ঐ ১২ জেলে। ২৮ সেপ্টেম্বর থেকে ট্রলার মালিক ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। ট্রলার মালিক সমিতি ও কোস্ট গার্ড গত চারদিনেও তাদের খোঁজ পায়নি।
এদিকে গত ২৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ এফবি আবদুল্লাহ ট্রলারের ২০ জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন ও সুন্দরবনের দুবলার চরের কন্টিনজেন্ট সূত্রে জানা গেছে, অনুসন্ধান করছে। কোনো খবর পেলে তাৎক্ষণিক জানানো হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার