চিরনিদ্রায় গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস

নিউজ ডেস্ক:

চিরনিদ্রায় শায়িত হয়েছেন গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলী সরকার। রোববার বাদ আসর গাইবান্ধার সাদুল্লাপুরের ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু জানান, বিকেল সাড়ে ৫ টায় মা-বাবার কবরের পাশে এমপি ডা. ইউনুস আলীর মরদেহ দাফন করা হয়েছে।

এর আগে এমপি ইউনুস আলীর জানাজায় অংশগ্রহণ করেন গাইবান্ধার ডিসি আব্দুল মান্নান, এসপি তৌহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম হিরুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

তিনি আরো জানান, সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে ডা. মো. ইউনুস আলী সরকারের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ পলাশবাড়ীতে আনা হয়। পলাশবাড়ীর ভাতগ্রামে তৃতীয় জানাজা হয়। 

শুক্রবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি ডা. মো. ইউনুস আলী সরকার। তিনি ফুসফুসের ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইউনুস আলী সরকার ১৯৫৩ সালের ১৫ জুন সাদুল্লাপুরের ভাতগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।