
অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী জাবেদ হোসেনের সমর্থকরা হামলা চালিয়েছে৷ এসময় তাদের ছোঁড়া ইটপাটকেলে এক নারী আহত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে হানুবাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় আতঙ্কে ভোটাররা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়া (আনারস) কেন্দ্রে উপস্থিত ছিলেন। ইট মেরে তার গাড়ির সামনের ও পাশের গ্লাস ভাঙচুর করা হয়। তবে গাড়িতে কেউ ছিলেন না।
এদিকে খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানসহ বিজিবি, র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই কেন্দ্রের অদূরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় নৌকার সমর্থকরা। হামলায় ইট পড়ে এক নারী ভোটারের মাথা ফেটে গেছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতার জন্য জড়ো হওয়া রামগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ আলম সিদ্দিকী জীবনসহ ৩১ যুবককে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২৭ নভেম্বর) গভীর রাতে মধ্য ভাদুর যুগী বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা নৌকার প্রার্থীর সমর্থক।
প্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, আমার ৪টি কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে। নৌকার সমর্থকরা ভোটারদের হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসন সুষ্ঠু ভোট উপহার দিবে বলেছে। এখন দেখি নৌকার আধিপত্য চলছে।
তবে বিষয়টি অস্বীকার করেছেন নৌকার প্রার্থী জাবেদ হোসেন। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোন বিশৃঙ্খলা নেই। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও রামগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মহব্বত রাসেল বলেন, হঠাৎ করে কয়েকটি ইটপাটকেল ছোঁড়া হয়। কেউ আহত হয়েছে কি না জানা নেই। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। সূত্র: আরটিভি অনলাইন
এম২৪নিউজ/আখতার