
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে শুকরানা দোয়া ও মিষ্টি বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (১ জুন) বিকেল চারটায় উপজেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে এই শুকরানা দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মাষ্টার, সাবেক ছাত্র শিবির এর দ্বায়িত্বশীল মীর শহীদ হোসেন, যুব বিভাগের নেতা মেহেদী হাসান সহ আরও অনেকে।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ! বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শের সংগঠন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে আজ তার বাস্তব প্রমাণ পেয়েছি। ফ্যাস্টিট আওয়ামী সরকার জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই বিচারের নামে একের পর এক দলীয় নেতা-কর্মীদের হত্যা, জেল জুলুম ও নির্যাতন করেছেন। আজ তাদের দেশের মাটিতে ঠাঁই নাই। দীর্ঘ এক যুগ পরে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেয়েছে। তারপরও আমরা কারও ওপর প্রতিশোধ নিতে চাই না। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চের এ রায়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি।
আপনারা জানেন, গত ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য ছিল। আজ নিবন্ধন ফিরে পেয়েছি এবং দিনে কোটি কোটি মানুষের প্রিয় প্রতীক ও ফিরে পাবো ইনশাআল্লাহ!
এম২৪নিউজ/আখতার