
নিউজ ডেস্ক:
রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদের মাকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গেছে।
শনিবার সকালে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে মেহজাবিন আলভী ও জান্নাতুল ফেরদৌস নামে ওই দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুটির মায়ের নাম আক্তারোন্নেছা পপি। আলভী ও জান্নাতুল খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুলে ৪র্থ ও ১ম শ্রেণিতে পড়ত।
তিনি বলেন, রাতে দুই সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর নিজ ঘরেই ছিলেন তাদের মা। শনিবার সকালে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, পপির স্বামী মোজাম্মেল হকের মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ইলেক্ট্রনিক্সের দোকান আছে। সেখানেই তাদের গ্রামের বাড়ি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পপির পা ও হাত মিলিয়ে শরীরের ১৮ শতাংশের মতো পুড়ে গেছে।
এদিকে পপির বাবা আবু তালেব জানান, তার মেয়ে ও জামাতার মধ্যে কলহ ছিল। স্বামীর সঙ্গে কলহের জেরে পপি গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন বলে তিনি ধারণা করছেন।
এ প্রসঙ্গে পপির স্বামী মোজাম্মেল জানান, শুক্রবার রাত ৯টার দিকে পপির সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল। এ ধরনের ঘটনা পপি ঘটাতে পারে, তেমনটি আঁচ করতে পারেননি তিনি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।