
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে বালুবাহি ট্রাক্টর ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে সোলায়মান আলম ছল্লু (৪০) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
শনিবার বিকেল ৩ টার দিকে বলদিপুর শাহ আমানত ফিলিং ষ্টেশন সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান আলম পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গুচ্ছ গ্রামের বাসিন্দা। আহতদের বাড়ি বৈরাগীগঞ্জ এলাকায় বলে জানা গেছে। তাৎক্ষনিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর শাহ আমানত ফিলিং ষ্টেশন সংলগ্ন একটি বালুবাহি ট্রাক্টরের সাথে অপর দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পাওয়ার ট্রলির চালক সোলায়মান আলম ছল্লু ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন ট্রাক্টরের থাকা তিনজন শ্রমিক। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার