
নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমন প্রতিরোধে নওগাঁ জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক হারুন-অর-রশিদ গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে আরো জানান, জরুরি পরিসেবা ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক আরও জানান, ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরো বেশি সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারি বিধি নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠকে সদস্যগণ সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান সভার সভাপতি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও এখনো মুক্ত রয়েছে নওগাঁ জেলা।
তবে এরই মধ্যে অনেক জেলার বাসিন্দা ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে বাড়ি ফিরেছেন। তাদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বলে জানান তিনি।
নওগাঁ সিভিল সার্জন ডা: আখতারুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় নওগাঁয় নতুন করে ২৩৬ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে। তাঁরা সবাই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
নওগাঁয় বুধবার পর্যন্ত মোট ২ হাজার ৬২৭ জনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাস শনাক্তের জন্য ১৮৫ জনের নমুনা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তাঁদের কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
সূত্র: ইত্তেফাক অনলাইন।