
অনলাইন ডেস্ক:
বগুড়ায় অফিস দখল নিয়ে জেলা মোটর মালিক গ্রুপের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন মালিক-শ্রমিকরা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটা থেকে শুরু হয়ে অনির্দিষ্টকাল পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম।
এছাড়াও মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে গ্রেফতারের দাবিতে এই পরিবহন ধর্মঘটের আহ্বান করা হয়।
এদিকে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে আমিনুল গ্রুপের লোকজন চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনালের ভিতরে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ বাধা দিলে পরিবহন শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। শহরের চারমাথা ও তার আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।’ সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার