রংপুরে করোনায় একদিনে আরো ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮

রংপুর অফিস:

রংপুর বিভাগে আট জেলায় গতকাল সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। দিনাজপুর জেলার ৪ জন, রংপুরের ৩ জন, দিনাজপুরের ৩ জন, ঠাকুরগাঁওয়ের ২ জন পঞ্চগড়ে ১জন ও নীলফামারীতে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ছয় দিনে বিভাগে করোনায় মৃত্যু ৭৩ জনের।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মোঃ জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই সময়ে বিভাগে নতুন করে ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ২০৯, রংপুরের ১২১, ঠাকুরগাঁওয়ের ১০৫, নীলফামারীর ৪০, লালমনিরহাটের ৩২, কুড়িগ্রামে ২৯ জনসহ পঞ্চগড় ও গাইবান্ধার জেলার ২৮ জন করে রয়েছেন। বিভাগে করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৯ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৫ জুলাই) বিভাগের আট জেলার ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬১৮ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও সাত জন দেশে ফিরেছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে সোমবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৫ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯ হাজার ৫৪২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫৯২ জন।এর মধ্যে দিনাজপুর জেলায় করোনাভাইরাসে ৯ হাজার ৫৩৭ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ২০৯ জনের। রংপুরে ৬ হাজার ৬২৪ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১২১ জনের। ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৯৭৯ জন আক্রান্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে, গাইবান্ধায় ২ হাজার ৩৫৪ জন আক্রান্ত ২৮ জনের মৃত্যু হয়েছে, নীলফামারীতে ২ হাজার ৭৭ জন আক্রান্ত মৃত্যু হয়েছে ৪০ জনের, কুড়িগ্রামে ২ হাজার ১৫ জন আক্রান্ত ২৯ জনের মৃত্যু হয়েছে, লালমনিরহাটে ১ হাজার ৬৭৭ জন আক্রান্ত ৩২ জনের মৃত্যু হয়েছে, পঞ্চগড় জেলায় ১ হাজার ২৭৯ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে।

রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply