
অনলাইন ডেস্ক:
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় গত ১ অক্টোবর থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে র্যাব-১৩। বিভাগের আট জেলায় নিয়মিত পেট্রোল টহল এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে এ অভিযান পরিচালিত হচ্ছে।
শনিবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
তিনি বলেন, র্যাব সদর দফতরের নির্দেশনা অনুযায়ী র্যাব-১৩ রংপুর বিভাগের আট জেলায় নিয়মিত টহল এবং চেকপোস্ট পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ৩৬৪ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা পূর্ব সিন্ধুরনা এলাকার শ্রী সনাতন বর্মনের ছেলে সুমন্ত সাগর রায় অন্তর, টংভাঙ্গা এলাকারা আজিজুল ইসলারে ছেলে আজহারুল ইসলাম মিঠুন ও উত্তর সিন্ধুরনা এলাকার শ্রী ময়েশ্বর চন্দ্রের ছেলে শ্রী অনিত্য চন্দ্র জীবন।
মাহমুদ বশির আহমেদ জানান, দিনাজপুরের রাজারামপুর এলাকা হতে ৫০৩ বোতল ফেনসিডিলসহ ওমরপাইল এলাকার খাদেমুল হকের ছেলে ইজাবুল হক ওরফে রিজু ও গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থেকে ৫৫৫ ইয়াবাসহ নুরন্নবী সরকারের ছেলে রানা সরকারকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, লালমনিরহাট জেলার কালিগঞ্জ এলাকা থেকে ৫০০ ইয়াবাসহ নজরুল ইসলামের ছেলে সরফত উদ্দিন এবং রংপুর রেলওয়ে স্টেশন হতে ১২৮ গ্রাম হেরোইনসহ রাজশাহী রসুলপুর এলাকার মৃত আজিমুদ্দিন সরকারের ছেলে আফজাল হোসেন সরদারকে গ্রেফতার করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/আখতার