রংপুর বিভাগে বজ্রপাতে একদিনে ৮ জনের মৃত্যু, আহত ১০

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগের চার জেলায় বজ্রপাতে একদিনে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরে জেলায় চারজন, গাইবান্ধায় দুইজন, লালমনিরহাটে একজন ও কুড়িগ্রামে একজন। এছাড়া বজ্রপাতে আহত হয়েছেন কম পক্ষে ১০ জন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

রংপুরে নিহতরা হলেন, নগরীর দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির হাজী মোবারক আলী (৬২), আক্কেলপুর গ্রামের এনামুল হক (৩৫) ও বদরগঞ্জ উপজেলার নাগেরহাটের মোশাররফ হোসেন (৩৮) এবং পীরগাছা উপজেলার ছওলার ইউনিয়নের গাবুড়া গ্রামের জিয়াউর রহমান জিয়া মন্ডল (৩৮) । নিহতের মধ্যে মোবারক আলী সাবেক ইউপি সদস্য, এনামুল, মোশাররফ ও জিয়া মন্ডল কৃষক।

স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ওই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এছাড়া পীরগাছার তিস্তার চরের গাবুড়া গ্রামে বিকেলে বজ্রপাতে আটজন আহত হয়েছেন। একই সময়ে গ্রামের অন্তত ৫০টি বাড়ির বিদ্যুৎ মিটার বিস্ফোরিত হয়েছে।

এদিকে বিভাগের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল আউয়াল (২৫) নামে এক যুব কৃষকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উত্তর বলদিয়া খোঁচাবাড়ী গ্রামের খয়বর আলীর ছেলে। ওই ঘটনায় নজরুল নামে আরও এক যুবক গুরুতর আহত হয়।

অপরদিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মোতালেব হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টায় ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে।

এছাড়াও কুড়িগ্রাম জেলার ফুলছড়ির চর কাবিলপুরে বজ্রপাতে কৃষক শফিকুল ইসলাম (৩০) ও রাকিব হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে বাবা-ছেলে। কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।