
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে একদিনে নতুন করে আরও ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। বিভাগে শনাক্তের হার ২৮ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১২ জনে।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। একই সময়ে ৬ জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লালমনিরহাট জেলার ৩, দিনাজপুরের ২ ও নীলফামারীর ১ জন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় বিভাগে ২ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ২২৬ জন, ঠাকুরগাঁওয়ের ১৪৮, রংপুরের ১১৬, নীলফামারীর ৮৯, পঞ্চগড়ের ৫৪, কুড়িগ্রামের ৪২, লালমনিরহাটের ২২ ও গাইবান্ধার ৪৭ জন রয়েছে।
করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ হাজার ৮৫৭ জন শনাক্ত হয়েছেন।
এ সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার ২১৪ জন, রংপুরের ১২৩, ঠাকুরগাঁওয়ের ১০৯, নীলফামারীর ৪২, লালমনিরহাটের ৩৭, কুড়িগ্রামের ৩০, গাইবান্ধার ২৯ ও পঞ্চগড়ের ২৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮০ জন।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন।
এম২৪নিউজ/আখতার