
নিউজ ডেস্ক:
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রেক্ষাপটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ফেরত তিনজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জন ও সাম্প্রতিক সময় একই উপজেলায় দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আসা একজনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিছুটা বিলম্বে হলেও তাদের তথ্য জানার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের পর্যবেক্ষণের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির অন্য সদস্যদের সতর্ক করা হয়েছে। তাদেরকে একটি ঘরেই সব কাজ সেরে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
হোম কোয়ারেন্টাইনে থাকা তিন জনই সুস্থ রয়েছেন। নিয়মিত তাদের শারীরিক খোঁজখবর নেয়া হচ্ছে। তবে কিরগিস্তান থেকে তাবলীগে আসা ছয় জন বিদেশি নাগরিকদের সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই বলেও জানান সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
এসপি কার্যালয়ের বিশেষ শাখা লালমনি ডেইলি বাংলাদেশকে জানান, গত এক মাস ধরে জেলার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন কিরগিস্তান থেকে আসা ছয় জন বিদেশি নাগরিক। তারা সোমবার বিকেল থেকে সদর উপজেলার পশ্চিম হাড়িভাঙা জামে মসজিদে অবস্থান করছেন।
তবে, এসব বিদেশি নাগরিক করোনাভাইরাস দেখা দেয়ার আগেই বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে গত এক মাস ধরে লালমনিরহাটে অবস্থান করছেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।