উপসর্গ নিয়ে মারা যাওয়া তরুণের তিন ভাই-বোন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া তরুণের (১৮) নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও তার তিন ভাই-বোনের পজিটিভ এসেছে। গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাতে বাংলাদেশ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনা শনাক্ত হয়।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামনাশিস মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার চর রমিজ ইউনিয়নের ওই তরুণ সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন।

শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি গত ১৯ এপ্রিল রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে। একই সাথে তার দুই ভাই ও এক বোনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মারা যাওয়ার ওই তরুণের করোনা নেগেটিভ আসলেও দুই ভাই ও এক বোন করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে ওই তরুণ করোনায় আক্রান্ত ছিলেন। তার সংস্পর্শে থাকার কারণে ভাই-বোন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় ক্রটি বা নমুনা সংগ্রহে বিলম্ব হওয়ায় পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে মনে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম জানান, নতুন করে এই তিন জন করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ায় রামগতিতে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর আগে নারায়ণগঞ্জ ফেরত উপজেলার আলেকজান্ডার এলাকার একজনের শরীরে করোনা ধরা পড়ে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।